কুমিল্লার চান্দিনায় থানা পুলিশের গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪ জন পেশাদার চোরসহ মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে ৪ জনকে চুরির মামলায় এবং ১ জনকে নিয়মিত মামলায় গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আজ সোমবার (৬ এপ্রিল) চান্দিনা থানা পুলিশের পাঠানো এক প্রেস রিলিজে এ তথ্য নিশ্চিত করা হয়। পুলিশ জানায়, এলাকায় চুরি, ছিনতাই ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড দমনে নিয়মিত বিশেষ অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন স্থানে তল্লাশি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
চুরির মামলায় গ্রেফতারকৃতরা হলেন— কুমিল্লা চান্দিনা থানাধীন বরকইট এলাকার ফরিদ মিয়ার ছেলে মোঃ সফিউল্লাহ (২৯) এবং একই এলাকার আবুল হোসেনের ছেলে তুহিন আহম্মদ (২০), সুনামগঞ্জ সদর থানাধীন কোনাগাঁও উত্তরপাড়া এলাকার মৃত আবু সাদেক ও নুরুন্নাহার দম্পতির ছেলে মোঃ রাসেল মিয়া (৩৮), তিনি বর্তমানে চান্দিনা থানাধীন বামনীখোলা এলাকায় মীর বাড়িতে বসবাস করতেন। অপরজন হলেন- ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানাধীন আইয়ূবপুর (মহর আলী বাইন্যা বাড়ি) এলাকার মৃত আবুল কাসেম ও আফিয়া বেগম দম্পত্তির ছেলে মোঃ স্বপন মিয়া (৩৬)।
এছাড়া নিয়মিত মামলায় গ্রেফতার করা হয়েছে খোরশেদ আলম (৫০) নামের এক ব্যক্তিকে। তিনি বেলাশ্বর এলাকার বাসিন্দা এবং চান্দিনা পৌরসভার অন্তর্ভুক্ত বলে জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে চলমান একটি নিয়মিত মামলার প্রেক্ষিতে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত ৪ জন দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় সংঘবদ্ধভাবে চুরির সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় চুরি সংক্রান্ত মামলা রয়েছে। অভিযান শেষে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে সবাইকে আদালতে সোপর্দ করা হয়েছে।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান ডেইলি টাইমস নিউজকে জানান, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ।
এদিকে স্থানীয়দের মধ্যে পুলিশের এমন অভিযানে সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে। তাদের দাবি, চুরি ও অন্যান্য অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকলে সাধারণ মানুষ আরও স্বস্তিতে বসবাস করতে পারবে।