কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ৮ বছরের শিশুকে ফুসলিয়ে নির্জন ভুট্টা ক্ষেতে নিয়ে মারধর ও শারীরিক নির্যাতন চালানোর ঘটনায় প্রধান অভিযুক্ত মেহেদীকে থানা পুলিশ গ্রেফতার করেছে।
সোমবার (৩০ মার্চ) দুপুর আনুমানিক ১২টার দিকে দাউদকান্দি পৌর এলাকার একটি গ্রামে শিশুটিকে একটি দুষ্কৃতকারী দল ফুসলিয়ে নিয়ে যায়। সেখানে তাকে মারধর ও শারীরিকভাবে নির্যাতন করা হয়। একই সময়ে শিশুটির কানের দুল ও গলার স্বর্ণের চেইনও ছিনিয়ে নেওয়া হয় বলে পরিবারের দাবি।
ঘটনার পর পুলিশ জানিয়েছিল, ভুক্তভোগী পরিবার এখনও থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ নিয়ে গতকাল ডেইলি টাইমস নিউজে সংবাদ প্রকাশিত হলে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে অভিযুক্তকে আটক করে।
শিশুটিকে প্রথমে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে শিশুটি চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত মেহেদী দীর্ঘদিন নেশাগ্রস্ত ও উচ্ছৃঙ্খল জীবনযাপনের সঙ্গে জড়িত ছিলেন। ঘটনার পর এলাকায় ব্যাপক ক্ষোভ তৈরি হয়। ভুক্তভোগী পরিবারের দাবি, মামলা তুলে নিতে গোপন হুমকির ঘটনা ঘটেছে।
গ্রেফতারের পর পরিবার ও এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা দাবি করছেন, দ্রুত দৃষ্টান্তমূলক বিচার হওয়া প্রয়োজন।
দাউদকান্দি মডেল থানা পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি ঘটনার পেছনে অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখার জন্য তদন্ত চলমান রয়েছে।