সংগঠনবিরোধী তৎপরতা ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, নওগাঁ জেলা ইউনিটের তিন সদস্যকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) পৃথক তিনটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন— অ্যাডভোকেট মো. ইকবাল জামিল চৌধুরী, অ্যাডভোকেট মো. রেজাউল বাসার ও অ্যাডভোকেট মো. সারওয়ার জাহান। তারা সবাই নওগাঁ জেলা আইনজীবী সমিতির সদস্য।
নওগাঁ জেলা ইউনিটের সদস্য সচিব এম. শাহ আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ফোরামের নওগাঁ জেলা বার ইউনিটের সকল পর্যায়ের পদ থেকে তাদের বহিষ্কার করা হয়েছে। ফলে এখন থেকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কোনো সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে তাদের আর কোনো সম্পর্ক থাকবে না।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আওতাধীন সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে, বহিষ্কৃত ব্যক্তিদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখতে।
এ বিষয়ে জারি করা আদেশের অনুলিপি কেন্দ্রীয় বিএনপির দপ্তর সম্পাদক (নয়া পল্টন), জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটি এবং নওগাঁ জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে অবগতির জন্য পাঠানো হয়েছে।