কুমিল্লার বুড়িচং উপজেলায় ৫০০ লিটার ডিজেলসহ কালোবাজারি চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি জেনারেটর ও একটি পিকআপ জব্দ করা হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (১২ মার্চ) রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বুড়িচং থানাধীন নাজিরা বাজারস্থ মেসার্স মদিনা ফিলিং কর্পোরেশন থেকে কিছু অসাধু ব্যবসায়ী ড্রামভর্তি ডিজেল একটি পিকআপযোগে কালোবাজারির উদ্দেশ্যে অন্যত্র নিয়ে যাচ্ছে।
এ তথ্যের ভিত্তিতে দেবপুর পুলিশ ফাঁড়ির একটি টিম তাৎক্ষণিক অভিযান পরিচালনা করেন। রাত সাড়ে ৯টার দিকে নাজিরা বাজার এলাকায় ফিলিং স্টেশনের সামনে পাকা সড়কে পৌঁছে পুলিশ দেখতে পায়, একটি নীল রঙের TATA EX2 পিকআপে ড্রামভর্তি ডিজেল ও একটি পুরাতন জেনারেটর নিয়ে কয়েকজন ব্যক্তি অন্যত্র যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে ৫ জনকে গ্রেফতার করা হয় বলে পুলিশ জানায়।
গ্রেফতারকৃতরা হলেন— নিহার বড়াল (৩৯), রাকিব হোসেন (২৪), নূর উদ্দিন (২৮), মোঃ ইসমাইল হোসেন (২৬) এবং রতন চন্দ্র দাস (৫০)।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করে যে, দেশের চলমান জ্বালানি তেলের সংকটকে পুঁজি করে কালোবাজারির উদ্দেশ্যে ফিলিং স্টেশন থেকে ডিজেল সংগ্রহ করে অন্যত্র নিয়ে যাচ্ছিল। গ্রেফতারকৃতদের মধ্যে রতন চন্দ্র দাস ওই ফিলিং স্টেশনের ম্যানেজার হিসেবে কর্মরত।
অভিযানে উদ্ধার করা হয় ৫০০ লিটার ডিজেল, যার আনুমানিক মূল্য ৫০ হাজার ৬০ টাকা। এছাড়া একটি ৮.৫ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন পুরাতন SAKURA জেনারেটর (আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা) এবং একটি নীল রঙের TATA EX2 পিকআপ (রেজিস্ট্রেশন নম্বর: চট্ট- মেট্রো-ন-১২-০৫৪৬) জব্দ করা হয়। পিকআপটির আনুমানিক মূল্য ৭ লাখ টাকা।
পুলিশ আরো জানায়, এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(১) ধারায় মামলা দায়ের করা হয়েছে।