চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় শঙ্খ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
আজ বুধবার বিকালে আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়নের রাবার ড্যাম সংলগ্ন এলাকা ও কানুমাঝির হাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব দীপক ত্রিপুরা। এসময় থানা পুলিশের একটি টিম সহায়তা করেন।
জানা যায়, অভিযানকালে ঘটনাস্থল থেকে একটি স্কেভেটরের ব্যাটারি জব্দ করা হয়। এছাড়া বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় অভিযুক্ত দুই ব্যক্তিকে দুটি পৃথক মামলায় মোট ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।