নওগাঁর মান্দায় সুপারি চোর সন্দেহে গণধোলাইয়ের শিকার হয়ে রফিকুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মান্দা সদর ইউনিয়নের প্রসাদপুর এলাকায় অবস্থিত প্রসাদপুর দারুল উলুম ইসলামিয়া কওমি মাদ্রাসা ও আহসান হাবিব শিশু পরিবার চত্বরের একটি আমগাছের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত রফিকুল ইসলাম মান্দা সদর ইউনিয়নের জিনারপুর গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মৃত জেহের আলীর ছেলে বলে জানা গেছে। স্থানীয়রা জানান, রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে এলাকাবাসী তাকে সুপারি চুরির সন্দেহে আটক করে মারধর করে। একপর্যায়ে গণধোলাইয়ের শিকার হয়ে তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে মান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ বিষয়ে প্রসাদপুর দারুল উলুম ইসলামিয়া কওমি মাদ্রাসা ও আহসান হাবিব শিশু পরিবারের পরিচালক আলহাজ মাওলানা মাসুদুর রহমানের মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম মাসুদ রানা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।