নওগাঁর বদলগাছি উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৮০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম আঃ রশিদুল (৪০)। তিনি উপজেলার বারোফালা গ্রামের মখলেছ মিয়ার ছেলে।
নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম–এর নির্দেশনায় জেলাজুড়ে চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ডিবির একটি বিশেষ টিম গতকাল বিকেলে বদলগাছি এলাকায় অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে টিমটি জানতে পারে, বারোফালা গ্রামে এক ব্যক্তি তার বাড়ির আঙিনায় মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।
বিকেল ৫টার দিকে ডিবি পুলিশ অভিযান পরিচালনা করলে আসামি দৌড়ে পালানোর চেষ্টা করেন। এসময় ধাওয়া করে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এমন আপসহীন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।