কুমিল্লার সদর দক্ষিণে পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও সবজির দাম ভোক্তাদের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে অভিযান পরিচালনা করেছেন উপজেলা পশাসন।
আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় উপজেলার সুয়াগঞ্জ বাজারে তদারকি অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার।
অভিযানকালে বাজারের বিভিন্ন দোকান ঘুরে নিত্যপণ্যের মূল্যতালিকা যাচাই ও বিক্রয়মূল্য পর্যবেক্ষণ করা হয়। লেবু, শশাসহ কয়েকটি পণ্য নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগ পাওয়ায় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
ম্যাজিস্ট্রেট জানায়, রমজানকে কেন্দ্র করে যাতে কেউ অযৌক্তিকভাবে পণ্যের দাম বৃদ্ধি করতে না পারে, সে লক্ষ্যে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় সাধারণ মানুষের চাহিদা বৃদ্ধি পাওয়ায় দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতার মধ্যে রাখা এবং অতিরিক্ত দামে বিক্রি রোধে কঠোর নজরদারির কথা জানান সংশ্লিষ্টরা। ভবিষ্যতে অনিয়ম পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়।