কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ইসলামপুর গ্রামে সাবেক সংসদ সদস্য আ.ক.ম সারোয়ার জাহান বাদশার বাড়ির সামনে গুলিবর্ষণ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক ২টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
প্রাথমিকভাবে জানা যায়, পূর্ব শত্রুতা ও চাঁদা দাবিকে কেন্দ্র করে বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে। এতে আনিচুর রহমান, নবাব মাস্টার ও আশরাফুল নামের তিনজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। আহতদের চিকিৎসার বিষয়ে বিস্তারিত তথ্য যাচাই করা হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, শরিফ কাইগি, রিন্টু, মানিক, সাদীপুরের শিহাব ও জালালসহ অজ্ঞাতনামা ৮–১০ জন এ ঘটনায় জড়িত। অভিযোগ রয়েছে, তারা এলাকায় চিহ্নিত সন্ত্রাসী এবং বিভিন্ন মামলার আসামি।
ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং বিশেষ অভিযান পরিচালনার সুপারিশ করা হয়েছে বলে জানা গেছে।
তবে এ বিষয়ে এখনো পুলিশের আনুষ্ঠানিক কোন বক্তব্য পাওয়া যায়নি।