আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে প্রার্থীদের পাশাপাশি গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করবে বাংলাদেশ সেনাবাহিনী।
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুর ইনডোর স্টেডিয়ামে ঢাকা-১৪, ১৬ ও ১৮ আসনের সার্বিক নিরাপত্তা ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা জানান বাংলাদেশ সেনাবাহিনীর মিরপুর ক্যাম্প কমান্ডার লে. কর্নেল এস এম ফুয়াদ মাসরুর।
তিনি বলেন, এই তিন আসনের মোট ভোটকেন্দ্রের প্রায় ১৮ শতাংশ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ঢাকা-১৪ ও ১৬ আসন তুলনামূলকভাবে অধিক ঝুঁকিপূর্ণ। ঝুঁকির মাত্রা অনুযায়ী ভোটকেন্দ্রগুলোকে অধিক ঝুঁকিপূর্ণ, মধ্যম ও সাধারণ—এই তিন ভাগে ভাগ করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে।
লে. কর্নেল এস এম ফুয়াদ মাসরুর আরও জানান, ভোটারদের নির্বিঘ্নে ভোটকেন্দ্রে আসা-যাওয়া নিশ্চিত করতে সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
এদিকে নির্বাচনকালীন পেশাদারিত্ব বজায় রেখে সংবাদ সংগ্রহ ও প্রচারের জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। যে কোনো বিশৃঙ্খলা বা নাশকতার তথ্য পেলে প্রাথমিক যাচাই ছাড়া সংবাদ পরিবেশন না করার অনুরোধ করেন ক্যাম্প কমান্ডার।
তিনি বলেন, নির্বাচনে প্রার্থীদের পাশাপাশি গণমাধ্যমকর্মীদের নিরাপত্তাও দেবে সেনাবাহিনী। কোনো স্থানে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি মনে হলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ জানান তিনি।