নওগাঁয় জুনায়েদ (৩৭) নামে এক সহকারী রাজস্ব কর্মকর্তার মরদেহ সদর হাসপাতালে ফেলে পালিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৪ ফেব্রুয়ারি) ভোর আনুমানিক ৫টার দিকে নওগাঁ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের সামনে মরদেহটি রেখে যায় তারা।
ঘটনার প্রত্যক্ষদর্শী ট্রলিম্যান বাপ্পি জানান, ভোরের দিকে একটি পিকআপ ভ্যানে করে দুজন ব্যক্তি মরদেহটি নিয়ে হাসপাতালে আসে। জরুরি বিভাগের সামনে গাড়ি থেকে মরদেহটি ট্রলির ওপর নামিয়ে রেখে দ্রুত পালিয়ে যায় তারা। পরে মরদেহটি জরুরি বিভাগের চিকিৎসকের কাছে নেওয়া হলে তিনি মৃত ঘোষণা করেন।
বাপ্পি আরও জানান, পালিয়ে যাওয়ার সময় পেছন থেকে তাদের ডাকা হলেও তারা কোনো সাড়া না দিয়ে দ্রুত সটকে পড়ে।
নিহত জুনায়েদের পরিচয় নিশ্চিত করে নওগাঁ কাস্টমসের সহকারী রাজস্ব কমিশনার সাদেকুল ইসলাম জানান, জুনায়েদের বাড়ি পিরোজপুর জেলার বলিহারী গ্রামে। তার বাবা মনজুরুল হক। তিনি ঢাকা কাস্টমসে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তার স্ত্রী নওগাঁর একটি কলেজে শিক্ষকতা করেন। বুধবার সকালে তিনি ট্রেনে করে ঢাকা থেকে সান্তাহারে নামেন। এরপর তার বিষয়ে আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে হাসপাতাল থেকে পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়।
জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রেহেনুমা মুনমুন জানান, জুনায়েদকে হাসপাতালে আনার আগেই তিনি মারা যান। প্রাথমিকভাবে তার হাত ও পায়ে আঘাতের চিহ্ন দেখা গেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
নওগাঁ সদর থানার তদন্ত ওসি খোরশেদ জানান, হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে বিষয়টি জেনেছেন তারা। এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করছে পুলিশ।