নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় একটি তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গোডাউনে থাকা তুলা, তুলা প্রক্রিয়াজাতকরণ মেশিনসহ দুটি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে শারীরিক প্রতিবন্ধী এক ভ্যানচালকের একমাত্র আয়ের উৎস ভ্যানগাড়িটিও পুড়ে গেছে।
শনিবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার হারিছ চৌধুরী বাজার সংলগ্ন সেলিম মেম্বারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. বাহার জানান, তার তুলার গোডাউনে থাকা সব মালামাল, মেশিনপত্র আগুনে পুড়ে গেছে। এতে প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গোডাউনের পাশের একটি কক্ষে রাখা শারীরিক প্রতিবন্ধী নুর উদ্দিনের ভ্যানগাড়িটিও আগুনে পুড়ে ভস্মীভূত হয়। ভ্যানগাড়িটি ছিল তার পরিবারের একমাত্র উপার্জনের মাধ্যম।
ভ্যানচালক নুর উদ্দিন কান্নাজড়িত কণ্ঠে বলেন,
“আমি প্রতিবন্ধী শরীর নিয়ে ভ্যান চালিয়ে কোনোরকমে সংসার চালাই। আজ আমার ভ্যানটা পুড়ে শেষ হয়ে গেছে। এখন আমি কীভাবে চলবো, বুঝতে পারছি না।”
ঘটনার সময় ভ্যানগাড়িটি পুড়ে যাওয়ার দৃশ্য দেখে তিনি মানসিকভাবে ভেঙে পড়ে মাটিতে লুটিয়ে পড়েন। তার কান্নায় উপস্থিত লোকজন আবেগাপ্লুত হয়ে পড়ে।
স্থানীয় ইউপি সদস্য মো. সেলিম জানান, ফায়ার সার্ভিস আসার আগেই গোডাউনের দুটি ঘর সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে দোকানের সব মালামাল নষ্ট হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রতিবন্ধী ভ্যানচালক নুর উদ্দিন।
সুবর্ণচর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের লিডার খোরশেদ আলম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।”