কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে দুইজন নিহত হয়েছেন। সংঘর্ষে আহত হয়েছেন আরও অন্তত ১২–১৫ জন।
শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার আলিয়ারা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতরা হলেন আলিয়ারা গ্রামের দেলোয়ার হোসেন নয়ন এবং আব্দুর রাজ্জাক।
পুলিশ সূত্রে জানা যায়, একই এলাকার আবুল খায়ের মেম্বার গ্রুপ ও সালেহ আহম্মদ মেম্বার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে শুক্রবার দুপুরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। একপর্যায়ে গুলির ঘটনা ঘটলে দেলোয়ার হোসেন নয়ন ও আব্দুর রাজ্জাক গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
সংঘর্ষে আহত অন্তত ১২ থেকে ১৫ জনকে গুরুতর অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ আরও জানায়, এই দুই গ্রুপের বিরোধের জেরে এর আগেও একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত বছর একই বিরোধে বক্সগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আলিয়ারা গ্রামের বাসিন্দা ইউপি সদস্য মো. আলাউদ্দিন (৫৫) নিহত হন।
ওসি আরিফুর রহমান বলেন, “দুই পক্ষের মধ্যে বিরোধ দীর্ঘদিনের। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।”