কুমিল্লার গৌরীপুর বাজারে বিশেষ অভিযান চালিয়ে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে আটক করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন, দাউদকান্দি উপজেলার বাশরা গ্রামের আলমগীরের ছেলে মোঃ ইসহাক তুষার (২৪) ও গৌরীপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মেহেদী হাসান রাজা (২২)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ৩ টায় এসআই আব্দুল কুদ্দুস ও এএসআই সিদ্দিকুর রহমান ফোর্স নিয়ে গৌরীপুর ইউনিয়নের আঙ্গাউড়া ভুলিরপাড়ে বিশেষ অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ দুই তরুণকে আটক করে। পরে তাদেরকে তল্লাশী করে একটি ৭.৬২ পিস্তল, ৯ রাউন্ড গুলি ও ১টি নাম্বার বিহীন মোটরসাইকেল উদ্ধারসহ দু’জনকে আটক করে।এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ দু’জনকে আটক করা হয়েছে। তারা সংজ্ঞবদ্ধ কিশোর গ্যাংয়ের সদস্য এবং চাঁদাবাজির সাথে জড়িত ছিলো বলে জানতে পেরেছি। তাদের নিকট আরো অস্ত্র থাকতে পারে, সে বিষয়ে পুলিশ কাজ করছে। জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হবে।