চট্টগ্রামে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র ও সন্ত্রাস দমনে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ একটি বিশেষ অভিযান পরিচালনা করেছে। অভিযানে সড়ফভাটা এলাকার শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ এবং অস্ত্র সরবরাহকারী মোহাম্মদ জাহেদ (৩৭) গ্রেপ্তার হয়েছেন।
গ্রেপ্তারকৃত জাহেদ মৃত আবদুস শহীদের ছেলে। তার বাড়ি দক্ষিণ রাঙ্গুনিয়া থানাধীন পশ্চিম সরফভাটা ইউনিয়নের নারায়ণনগর গ্রামে। পুলিশ সূত্রে জানা যায়, জাহেদ দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং অবৈধ অস্ত্র সরবরাহের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ জানায়, আজ দুপুর আনুমানিক সাড়ে ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জাহেদকে তার নিজ এলাকা থেকে আটক করা হয়। পরে তার বসতঘরে তল্লাশি চালিয়ে একটি একনলা বন্দুক, ৯টি কার্তুজ এবং বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ জানান, গ্রেপ্তারকৃত আসামি এলাকায় দীর্ঘদিন ধরে ভয়ভীতি সৃষ্টি করে চাঁদাবাজি চালিয়ে আসছিল এবং বিভিন্ন অপরাধী চক্রের কাছে অবৈধ অস্ত্র সরবরাহ করত। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন বলেন, “সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আমরা সর্বোচ্চ সতর্কতায় কাজ করছি। কোনো অপরাধী রেহাই পাবে না। পুলিশের অভিযান এখনও চলমান রয়েছে এবং জাহেদের সহযোগী ও সংশ্লিষ্ট চক্র শনাক্তের চেষ্টা অব্যাহত আছে।