নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় সাপাহার থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সহকারী পুলিশ সুপারের (সাপাহার সার্কেল) তত্ত্বাবধানে এবং সাপাহার থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে রোববার (০৪ জানুয়ারি ২০২৬) সকাল ১১টা ৫০ মিনিটে সাপাহার থানাধীন পাতাড়ী ইউনিয়নের সুটকিডাঙা এলাকায় একটি বড় ধরনের মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে জাকারিয়া হোসেনের আমবাগানে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৩৮০০ (তিন হাজার আটশত) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুইজন অজ্ঞাতনামা মাদককারবারি উদ্ধারকৃত মাদক ঘটনাস্থলে ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত ট্যাপেন্টাডল ট্যাবলেটগুলো অবৈধভাবে সীমান্ত এলাকা থেকে এনে স্থানীয়ভাবে বিক্রির উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে পুলিশ কাজ করছে। মাদক কারবারিদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।