মহামান্য হাইকোর্টের আদেশ অমান্য করে আবাদযোগ্য কৃষিজমির মাটি কাটার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় রোববার (০৪ জানুয়ারি) কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার জোড়কানন (পূর্ব) ইউনিয়নের রাজেশপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে একটি এস্কেভেটর জব্দ করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার। অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
অভিযানকালে দেখা যায়, আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটা হচ্ছে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর ঘটনাস্থলেই মাটি কাটার কাজে ব্যবহৃত এস্কেভেটরটি জব্দ করা হয়।
এ সময় অভিযুক্ত ব্যক্তি আব্দুল মতিন (৫০), পিতা—শামছু মিঞা, গ্রাম—ধনপুর, জোড়কানন (পূর্ব), সদর দক্ষিণ, কুমিল্লাকে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযান শেষে জব্দকৃত যানবাহন ছাড়িয়ে নেওয়ার বিষয়ে তদবির ও সুপারিশের চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। তবে প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, আইনের ঊর্ধ্বে কেউ নন। ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকা বা সরকারি কাজে বাধা প্রদান করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় সচেতন মহল উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, আবাদযোগ্য কৃষিজমি রক্ষা এবং পরিবেশ সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা জরুরি।