কুমিল্লার দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থাপনা মেঘনা-গোমতী সেতুর নিচে উদ্ধারকৃত একটি টাইম ফিউজ এক্সপ্লোসিভ (টাইম বোমা সদৃশ) সফলভাবে নিষ্ক্রিয় করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিও)।
বৃহস্পতিবার (১ জানুয়ারী) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা ৫ মিনিট পর্যন্ত প্রায় দেড় ঘণ্টাব্যাপী অভিযানে এটিও’র বোম ডিসপোজাল টিম অত্যন্ত সতর্কতার সঙ্গে বিস্ফোরকটি নিষ্ক্রিয় করে। এ সময় পুরো এলাকা ঘিরে ফেলে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ ডিসেম্বর সেনাবাহিনীর একটি টহল দল দাউদকান্দির মেঘনা-গোমতী সেতুর নিচে ঝোপঝাড়ের ভেতর একটি সন্দেহজনক বস্তু দেখতে পায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি জব্দ করে এবং এলাকাটি নিরাপত্তা বেষ্টনীতে নেয়।
পরবর্তীতে পরীক্ষা-নিরীক্ষায় দেখা যায়, উদ্ধারকৃত বস্তুটি ছিল লাল স্কচটেপে মোড়ানো, টেনিস বলের সমান আকারের একটি টাইম ফিউজ এক্সপ্লোসিভ। বিস্ফোরকটির আনুমানিক ওজন ছিল ৪০০ থেকে ৫০০ গ্রাম।
বিস্ফোরক নিষ্ক্রিয়করণ কার্যক্রম চলাকালে মহাসড়কের আশপাশে যান চলাচল ও জনসাধারণের চলাচলে বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়। পুরো অভিযানে কোনো ধরনের বিস্ফোরণ, ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ঘটনা ঘটেনি।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম জানান, “এন্টি টেররিজম ইউনিটের বোম ডিসপোজাল টিম ঘটনাস্থলে এসে উদ্ধারকৃত টাইম ফিউজ এক্সপ্লোসিভটি নিরাপদভাবে নিষ্ক্রিয় করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”
এ ঘটনায় কে বা কারা বিস্ফোরকটি সেখানে রেখেছে এবং এর উদ্দেশ্য কী ছিল—তা খতিয়ে দেখতে আইনশৃঙ্খলা বাহিনীর গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।