কুমিল্লার মুরাদনগরে প্রকাশ্য দিবালোকে স্বামীর ছুরিকাঘাতে তানজিনা (১৯) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার সদরের গোমতী ব্রিজসংলগ্ন বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে অভিযুক্ত স্বামী কুদ্দুস ওরফে রুবেল (৩২)–কে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করেন।
নিহত তানজিনা মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নের আড়ালিয়া গ্রামের তাজুল ইসলামের মেয়ে। অভিযুক্ত রুবেল নবীপুর পশ্চিম ইউনিয়নের উত্তর ত্রিশ গ্রামের ইউনুস মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে রুবেল তার স্ত্রীকে নিয়মিত নির্যাতন করতেন। এ বিষয়ে গত ২২ ডিসেম্বর তানজিনা মুরাদনগর থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করেছিলেন।
অভিযোগের জেরে ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার দুপুরে জনসম্মুখে ধারালো অস্ত্র দিয়ে তানজিনাকে আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পর স্থানীয়রা ঝুঁকি নিয়ে অভিযুক্ত রুবেলকে আটক করে পুলিশে খবর দেন। পরে মুরাদনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান।