কুমিল্লায় ট্রাফিক পুলিশের নিয়মিত অভিযান চলাকালে নিষিদ্ধ হাইড্রোলিক হর্নযুক্ত একটি মোটরসাইকেল আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেল তিনটার দিকে শহরের পদুয়ার বাজার পুলিশ বক্সের সামনে চেকপোস্টে এ ঘটনা ঘটে। কুমিল্লা-ল ১১-৮৭৪২ নম্বর মোটরসাইকেলটি থামিয়ে চালক নুর আলম নিহালকে আটক করা হয়। তিনি সদর দক্ষিণ উপজেলার দুর্গাপুর এলাকার সরফরাজ জনির ছেলে এবং লালমাই সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র।
ট্রাফিক পুলিশের সাব-ইন্সপেক্টর মোজাম্মেল জানান, মোটরসাইকেলটিতে ব্যবহৃত হাইড্রোলিক হর্নের তীব্র শব্দে চলাচলকারী মানুষ বিরক্ত হচ্ছিলেন এবং পরিবেশও ক্ষতিগ্রস্ত হচ্ছিল। পুলিশ থামার সংকেত দিলে চালক পালানোর চেষ্টা করেন। এসময় দায়িত্বে থাকা সদস্যরা গতিরোধ করলে পুলিশের সঙ্গে তার ধস্তাধস্তি ঘটে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে তাকে আটকে ফেলা হয়। তবে মোটরসাইকেলের পেছনে থাকা যাত্রী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আর আটককৃত নুর আলম নিহাল পুলিশকে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।
ট্রাফিক পুলিশ জানান, দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন সড়কে হাইড্রোলিক ও বিকট শব্দের হর্ন ব্যবহার করে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন চলাচল করছে—যা আইনত নিষিদ্ধ। এসব বন্ধে নিয়মিত চেকপোস্ট ও মোবাইল টহল বৃদ্ধি করা হয়েছে।
এ ঘটনায় কোন মামলা হবে কি না জানতে চাইলে জেলা ট্রাফিক বিভাগের টিআই সরওয়ার মোহাম্মদ পারভেজ টাইমস নিউজকে বলেন- সড়ক পরিবহন আইন- ২০১৮ এর ৮৪ ধারায় মামলা হবে।