মিয়ানমারে পাচারের সময় নোয়াখালীর সুবর্ণচর উপজেলাধীন এলাকা থেকে ৩০০ বস্তা ইউরিয়া সার উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
শনিবার (২৫ অক্টোবর) বেলা ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া। এর আগে শুক্রবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চর তোরাব আলী জিলা ঘাট এলাকা থেকে সারগুলো উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বিপুল পরিমাণ ইউরিয়া সার পাচারের খবর পেয়ে চরজব্বর থানা পুলিশের একটি দল চর তোরাব আলী জিলা ঘাটে অভিযান চালায়। সেখানে গিয়ে পুলিশ দেখতে পায়, ট্রলারে বোঝাই করা ৩০০ বস্তা সার পড়ে আছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।
এ বিষয়ে স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সুবর্ণচরের উপকূলীয় এলাকায় বিভিন্ন সময় সার, চিনি ও তেলসহ নানা পণ্য মিয়ানমারে পাচারের অভিযোগ রয়েছে। ধারণা করা হচ্ছে, স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির যোগসাজশে এসব সার মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে ট্রলারে তোলা হয়।
শনিবার দুপুর পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে অবস্থান করলেও কেউ সারের মালিকানা দাবি করেনি।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, “আনুমানিক ৩০০ বস্তা ইউরিয়া সার আটক করা হয়েছে। সারের মালিকানা দাবি করে এখনো কেউ আসেনি। কোথা থেকে সারগুলো আনা হয়েছে এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা এখনো জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।