কুমিল্লার চৌদ্দগ্রামে তিন হাজার টাকার বিনিময়ে স্ত্রীর সতীত্ব বিক্রি করার অভিযোগে স্বামীসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার রাতে থানায় মামলা হওয়ার পরপরই অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় বলে জানা যায়।
গ্রেফতারকৃতরা হলেন—স্বামী রাজু আহমেদ (২৬), তার সহযোগী বেলাল হোসেন (৩৫), মো. হৃদয় (২৫), মহিন উদ্দিন (২৬) ও আবুল কালাম (৪৫)। তারা সবাই নোয়াখালীর সুধারাম থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।
ঘটনাটি ঘটেছে উপজেলার কালিকাপুর ইউনিয়নের মিরশ্বানী এলাকার ইসলামিয়া ব্রিক ফিল্ডের শ্রমিকদের থাকার ঘরে।
এজাহারে বলা হয়, ২০২৩ সালে রাজুর সঙ্গে ভুক্তভোগীর বিয়ে হয়। মাদকাসক্ত রাজুর সঙ্গে সংসারে প্রায়ই অশান্তি লেগে থাকত। সম্প্রতি পারিবারিক সমঝোতার পর স্ত্রীকে আবার সঙ্গে নিয়ে আসে রাজু। পরে কুমিল্লায় কর্মস্থলে নিয়ে গিয়ে ইটভাটায় থাকার ব্যবস্থা করে।
অভিযোগ অনুযায়ী, ১৬ অক্টোবর রাতে রাজু নিজের স্ত্রীকে কৌশলে বন্ধু বেলালের হাতে তুলে দেয়। এতে বেলাল তাকে প্রথমবার ধর্ষণ করে। পরে ১৮ অক্টোবর রাজুর আরও দুই বন্ধু হৃদয় ও মহিন পালাক্রমে নির্যাতন চালায়। ২০ অক্টোবর ফের ধর্ষণের চেষ্টা করলে ভুক্তভোগী বাধা দেন।
স্বামীর হুমকির কারণে প্রথমে বিষয়টি গোপন রাখলেও পরে একই ভাটার এক শ্রমিক ঘটনাটি তার বাবাকে জানালে পরিবার এসে তরুণীকে উদ্ধার করে। এরপর শুক্রবার রাতে থানায় এজাহার দায়ের করা হয়।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, অভিযোগের পরপরই আমরা অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করেছি। মামলার তদন্ত চলছে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।