কুমিল্লার তিতাস উপজেলার লালপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১০টার সময় উপজেলার লালপুর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শুক্রবার দিবাগত রাতে লালপুর বাজারে দোকানে আগুন দেখতে পান। স্থানীয়রা চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। পরে দাউদকান্দি ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। এরপর ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সূত্রপাতের বিষয়ে কেউ বলতে পারেনি। আগুনে পুড়ে যাওয়া দোকানগুলো হলো, নয়ন ইলেকট্রনিকস, মহাসিন স্টোর, মতিন স্টোর, মনা স্টোর, জাকারিয়া স্টোর, কাউছার ডেকোরেশন, হাজী স্টোর ও ফরহাদ পল্টি ফার্ম। এ সময় আশপাশের আরও কয়েকটি দোকানের মালামালের ক্ষয়ক্ষতি হয়।
বাজারের ব্যবসায়ী মজিবুর রহমান বলেন, প্রতিদিনের মতো রাত ৮টায় দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই। হঠাৎ খবর পাই বাজারে আগুন লেগেছে। এসে দেখি অনেক চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আসছে না। দাউদকান্দি থেকে ফায়ার সার্ভিস আসতে আসতে সব পুড়ে ছাই হয়ে গেছে। প্রশাসনের সহযোগিতা পেলে ক্ষতিগ্রস্ত দোকানিরা আবার ঘুরে দাঁড়াতে পারবে।
দাউদকান্দি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. শরিফ বলেন, তিতাস উপজেলার লালপুর বাজারের আগুনের বিষয়ে রাত আনুমানিক ১১টায় খবর পাই। তাৎক্ষণিক আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ণয় করা সম্ভব হয়নি।