কুমিল্লার দাউদকান্দি উপজেলার জিংলাতলী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মো. শাহ আলম ওরফে `পা কাটা আলম’কে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে গৌরীপুর বাজার এলাকায় বিশেষ অভিযানে গৌরীপুর ফাঁড়ি পুলিশ তাকে আটক করে। জানা যায়, তিনি মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় গ্রেফতার হয়েছেন।
গ্রেপ্তারকৃত শাহ আলম (৩৬) তিনি জিংলাতলী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের গোপচর (পোদ্দার বাড়ি) গ্রামের মৃত বজলু মিয়ার ছেলে। রাজনৈতিক পরিচয়ে তিনি দীর্ঘদিন ধরে জিংলাতলী ইউনিয়ন যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন।
পুলিশের তথ্য অনুযায়ী, শাহ আলমের বিরুদ্ধে দাউদকান্দি, তিতাস ও কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় অন্তত ১৪টি মামলা রয়েছে। মামলাগুলোর অভিযোগের মধ্যে রয়েছে হত্যা, সন্ত্রাসী কার্যক্রম, ডাকাতির প্রস্তুতি, দাঙ্গা-হাঙ্গামা, মাদক, ভাঙচুর, চাঁদাবাজি ও আইনশৃঙ্খলা বিঘ্নকারী বিভিন্ন অপরাধ।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, ২০১১ সাল থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত একাধিক মামলায় তার নাম উল্লেখ করা হয়েছে। এসব মামলার মধ্যে বিশেষ ক্ষমতা আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, দ্রুত বিচার আইন এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়। সর্বশেষ গত ৩০ জুন দাউদকান্দি থানায় বৈষম্য বিরোধী মামলায় তিনি এজাহারভুক্ত আসামি হিসেবে অভিযুক্ত হন। এছাড়া ২০২৪ সালের আগস্ট ও ২০২৫ সালের সেপ্টেম্বরেও হত্যা মামলায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে শাহ আলম এলাকায় প্রভাব বিস্তার করে আসছিলেন। রাজনৈতিক পরিচয় ও প্রভাব খাটিয়ে তিনি বহুবার আইনের ফাঁক গলে বেরিয়ে গেছেন। তবে এবার বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করায় স্বস্তি প্রকাশ করেছেন এলাকাবাসী।
এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, “শাহ আলমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। শুক্রবার বিশেষ অভিযানে তাকে আটক করা হয়েছে। শনিবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।” তিনি আরও বলেন, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।