জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় মিনি ট্রাকের ধাক্কায় আফজাল হোসেন (৬৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। শনিবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার নিমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিজ জমি থেকে গরুর ঘাস কেটে মহাসড়ক পার হচ্ছিলেন আফজাল হোসেন। এসময় রিলায়েবল বিল্ডার্স লিমিটেডের কাজে ব্যবহৃত একটি মিনি ট্রাক তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে জয়পুরহাট সদর হাসপাতালে নিলে চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় বগুড়ায় রেফার করেন। তবে পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় ট্রাক ও চালক পিয়াস হোসেনকে আটক করেছে ক্ষেতলাল থানা পুলিশ। নিহত আফজাল হোসেন উপজেলার বড়তারা ইউনিয়নের শিশি নাজিরপাড়া গ্রামের বাসিন্দা।
এ বিষয়ে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম বলেন, দুর্ঘটনার পরপরই ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।