কুমিল্লার দাউদকান্দিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দায়ের হওয়া হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ও ৩নং বাড়পাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শাহনাজ আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ধারাবাহিক ঘটনাবলীর মধ্যে এই গ্রেপ্তার স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
থানা সূত্রে জানা যায়, সোমবার (৮ আগস্ট) রাত ৯টার দিকে দাউদকান্দির গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মনিরুজ্জামানের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে শাহানাজ আক্তারকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনশৃঙ্খলা বাহিনী সবসময় অপরাধীদের আইনের আওতায় আনতে বদ্ধপরিকর। মামলা যেই করুক, অপরাধী যেই হোক; কোনো প্রভাব-প্রতিপত্তি নয়, আইনের কাছে সবাই সমান।
স্থানীয় সূত্রে জানা গেছে, শাহানাজ আক্তার দীর্ঘদিন ধরে বারপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার গ্রেপ্তারের খবরে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এটিকে আইনের শাসনের সফল প্রতিফলন হিসেবে দেখছেন, আবার অনেকে রাজনৈতিক প্রেক্ষাপট খুঁজে দেখছেন।
এদিকে গ্রেপ্তারের পর শাহানাজ আক্তারকে দাউদকান্দি মডেল থানায় নিয়ে আসা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছেন।