কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নে সেনাবাহিনীর যৌথ অভিযানে মাদকসহ এক যুবককে আটক করা হয়েছে। আটককৃত যুবকের নাম মো: শুক্কুর আলী (৪০)। তিনি মৃত মো: আবসার মিয়ার ছেলে এবং গৌরীপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা। সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের একটি বিশেষ টিম ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতের প্রথম প্রহর ২টা ১০ মিনিটের দিকে গৌরীপুর ইউনিয়নের হাটচান্দিনা এলাকার শাহা আলম মিয়ার ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়। রাতেই তাকে দাউদকান্দি মডেল থানাধীন গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রে হস্তান্তর করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দাউদকান্দি মডেল থানায় প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জুনায়েদ চৌধুরী। স্থানীয় সূত্রে জানা যায়, আটককৃত শুক্কুর আলী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তার গ্রেপ্তারের খবরে এলাকাবাসীর মধ্যে স্বস্তি নেমে এসেছে এবং সাধারণ মানুষ এ ধরনের অভিযানের ধারাবাহিকতা বজায় রাখার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে মাদক সংশ্লিষ্ট একাধিক মামলা রয়েছে বলেও জানা যায়।