ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজারের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে হোটেল নুরজাহান থেকে বের হয়ে উল্টো পথে হানিফ পরিবহনের একটি বাস চলার সময় সেটিকে বাঁচাতে গিয়ে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান গতি নিয়ন্ত্রণ করতে না পেরে ইউটার্নে থাকা একটি প্রাইভেটকারের ওপর পড়ে। এতে স্বামী-স্ত্রীসহ একই পরিবারের ৪ জন নিহত হয়েছেন। শুক্রবার (২২ আগস্ট) বেলা অনুমান সাড়ে ১২টার সময় সদর দক্ষিণ উপজেলার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ইউটার্নে এ ঘটনা ঘটে। 
নিহত চারজন হলেন- মোহাম্মদ ওমর আলী (৮০), তার স্ত্রী নুরজাহান বেগম (৬৫), তার বড় ছেলে আবুল হাশেম (৫০) ও আবুল কাশেম (৪৫)। প্রাইভেটকারটি চালাচ্ছিলেন আবুল হাশেম। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ এবং স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং উদ্ধার অভিযান শুরু করেন। ফায়ার সার্ভিস জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেয়ে চৌয়ারা বাজার ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেছে।

হাইওয়ে পুলিশের এসআই আনিসুর রহমান জানান, নিহতরা সবাই একই পরিবারের। তাদের বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলার মুদাফফরগঞ্জ এলাকায়। তাদের বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শী বলেন, শহর থেকে প্রাইভেটকারটি লাকসাম সড়কে যেতে ইউটার্ন করছিল। এ সময় ঢাকাগামী কাভার্ডভ্যানটি উল্টোপথে আসা একটি বাসকে রক্ষা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। 
তিনি আরও বলেন, এ সময় প্রাইভেট কার ও একটি সিএনজি চাপা পড়ে হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে দুপুর ২টার দিকে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ চাপা পড়া প্রাইভেটকার থেকে ৪ জনের মরদেহ উদ্ধার করে। এ সময় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।