কুমিল্লায় মিনহাদুল হাসান রাফি নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছেন জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। গ্রেফতারকৃত রাফি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কুমিল্লা দক্ষিণ জেলার সভাপতি ও জেলার বুড়িচং উপজেলার বাকশীমূল গ্রামের বাসিন্দা। গ্রেফতারের বিষয়টি টাইমস নিউজকে নিশ্চিত করেন কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১ আগস্ট) ভোরে ফেনী জেলার মহিপাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ৫ আগস্টের পর তিনি আত্মগোপনে চলে যান। পরে তিনি গোপনে কলকাতা থেকে ফিরে কুমিল্লায় আসেন এবং ফেনীতে অবস্থান করছিলেন।
এর আগে সংগঠন নিষিদ্ধ ঘোষণার পরও গ্রেপ্তারকৃত রাফি কুমিল্লার বিভিন্ন এলাকায় রাতে ছোট ছোট মিছিলে নেতৃত্ব দেন এবং কিছুদিন আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিছিল বের করে যান চলাচলের বিঘ্ন সৃষ্টির মাধ্যমে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেন।
গ্রেপ্তারকৃত রাফির বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে অন্তত চারটি মামলার তথ্য টাইমস নিউজের হাতে এসেছে। এর মধ্যে কয়েকটি মামলা সহিংসতা, রাষ্ট্রীয় সম্পত্তির ক্ষতিসাধন, উসকানিমূলক স্লোগান ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে রয়েছে বলে জানা যায়।