জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার পাঠানপাড়া বাজারে সেনাবাহিনীর ভুয়া সদস্য পরিচয়ে প্রতারণা চালানো এক ব্যক্তি ও তার সহযোগী ঘটককে স্থানীয় জনতা হাতেনাতে আটক করেছে। জানা গেছে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার হরিনাথপুর বিশপুকুর গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে ছদরুল ইসলাম (৪১) জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার হোপ গ্রামে বিয়ের পাঁয়তারা করতে আসে। তবে কনের পরিবারের সন্দেহ হলে বিষয়টি দ্রুত জনতার নজরে আসে। এছাড়া একই গ্রামের জালাল উদ্দিনের ছেলে ঘটক আব্দুর রহিম (৫৫) কে আটক করে। জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য এ পর্যন্ত অন্তত একাধিকটি বিয়ে করেছে সে। জয়পুরহাটের পাচবিবি উপজেলার ছাতিলালি গ্রাম এবং কালাই উপজেলার শাইলগুন গ্রামেও তার প্রতারণার শিকার হয়েছে একাধিক পরিবার। ঘটনাস্থলে উপস্থিত কনের পরিবার প্রতারকের পরিচয় নিশ্চিত হলে জনতা তাকে আটকে ফেলে। খবর পেয়ে ক্ষেতলাল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রতারক ও ঘটককে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশ জানায়, সেনা সদস্য পরিচয়ে প্রতারণা, অর্থ আত্মসাৎ এবং সরকারি কর্মকর্তার ছদ্মবেশ ধারণের অভিযোগে তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। এ বিষয়ে ক্ষেতলাল থানার ওসি এস এম কামাল হোসেন (তদন্ত) বলেন, প্রতারক দীর্ঘদিন ধরে সেনা সদস্য পরিচয়ে বিয়ে ও অর্থ আত্মসাতের মাধ্যমে প্রতারণা চালিয়ে আসছে। তদন্তে আরও তথ্য পাওয়া যাবে। এ ঘটনায় পুরো এলাকায় ক্ষোভের সঞ্চার হয়েছে। অনেকেই বলছেন, প্রতারণার জালে বহু পরিবার সর্বস্বান্ত হয়েছে।