ভোলার মনপুরায় নৌবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দসহ শিশু বলাৎকারকারীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৮ জুন মনপুরা উপজেলার এক ছোট ছেলেকে স্থানীয় জালের দোকানের ম্যানেজার মো. ইলিয়াস হোসেন (২৮) কৌশলে নির্মমভাবে বলৎকার করে। ভুক্তভোগীর মা গত ১৭ জুলাই বাংলাদেশ নৌবাহিনীর মনপুরা কন্টিনজেন্টের কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে নৌবাহিনীর অভিযানে মোঃ ইলিয়াস হোসেন ও তার সহযোগী হাসান মাস্টারকে গ্রেফতার করা হয়। এছাড়াও গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ জালের গুদামে অভিযান চালিয়ে প্রায় ৭০ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে নৌবাহিনী। যার বাজার মূল্য প্রায় ২৫ কোটি টাকা। অভিযানে নৌবাহিনীর পাশাপাশি মনপুরা থানার পুলিশ ও প্রশাসনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। গোডাউন বন্ধ করে অবৈধ জাল জনসমুক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয় ও দুই আসামিকে আইনি প্রক্রিয়ার জন্য মনপুরা থানায় হস্তান্তর করা হয়েছে। নৌবাহিনীর পক্ষে সাংবাদিকদের জানানো হয়, দেশব্যাপী মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড দমনে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে।