পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি মো. ইকবাল বাহারকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। শুক্রবার (২০ জুন) সন্ধ্যায় রাজধানীর বেইলি রোড এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়। তিনি সর্বশেষ রাজধানীর রাজারবাগ টেলিকমের অতিরিক্ত আইজিপি ছিলেন। আটকের বিষয়টি ডিবির যুগ্ম-পুলিশ কমিশনার নাসিরুল ইসলাম নিশ্চিত করে তিনি বলেন, ইকবাল বাহার এখন ডিবি হেফাজতে আছেন। তবে ঠিক কোন মামলায় ইকবাল বাহারকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে এখনো কিছু জানায়নি পুলিশ। পুলিশের এই সাবেক কর্মকর্তা (ইকবাল বাহার) এর আগে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরে তাকে অতিরিক্ত আইজিপি হিসেবে রাজারবাগ টিঅ্যান্ডআইএমে বদলি করা হয়। ২০১৯ সালে সেখান থেকে তিনি অবসরে যান।