নওগাঁর ধামইরহাট থানা হেফাজতে থাকা ট্রাংক ভেঙে আসন্ন এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র চুরির ঘটনা ঘটেছে। এ দিকে ঘটনার পর ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন জেলা প্রশাসন। গত মঙ্গলবার (১৭ জুন) এই ঘটনা ঘটলেও বৃহস্পতিবার থেকে বিভিন্ন মাধ্যমে জানাজানি হয়। এতে জেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এদিকে থানা হেফাজতে থাকা ট্রাংকের কয়েকটি ছবি পাওয়া যায়। এতে দেখা যাচ্ছে, ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্রের জন্য সিলগালা করা ট্রাংকটি। ট্রাংকের দুটি তালাই উধাও। ট্রাংকের ভেতরে থাকা ইসলামের ইতিহাসের এক সেট প্রশ্ন পত্র ছেঁড়া অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দেখা যায়। ট্রাংক ভেঙে এইচএসসির প্রশ্নপত্র চুরি যাওয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করে নওগাঁর জেলা প্রশাসক আব্দুল আওয়াল বলেন- এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ‘লকার বাক্সের ভেতর থেকে প্রশ্নপত্র চুরির কথা জানার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় কারা জড়িত তা তদন্ত করার জন্য একটি তদন্ত কমিটি করা হয়েছে। জেলা প্রশাসক আরও বলেন, যে প্রশ্নপত্র চুরি হয়েছে তা ইসলামের ইতিহাসের। বিষয়টি নিয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের প্রধানকে জানানো হয়েছে। আগামীকাল শনিবার প্রশ্নপত্র চুরি যাওয়া ঘটনাস্থল পরিদর্শনের কথা রয়েছে। তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।