ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে দুই বাংলাদেশি যুবক আহত হয়েছেন। শনিবার (২৫ মে) দিবাগত রাতে উপজেলার খাদলা সীমান্তের শ্যামনগর এলাকার ভারত অংশে এ গুলির ঘটনা ঘটে। আহত দু’জন হলেন- শ্যামপুর এলাকার বাসিন্দা রবিউল ইসলাম (২৮) এবং আজাদ হোসেন (২৬)। বিজিবি এবং স্থানীয়সূত্রে জানা যায়, রাত দেড়টার দিকে শ্যামপুর এলাকার কয়েকজন যুবক সীমান্ত পেরিয়ে ভারতের অংশে ঢুকে পড়ে। এ সময় সীমান্তে টহলরত বিএসএফ সদস্যরা তাদেরকে লক্ষ্য করে ছররা গুলি করলে দু’জন গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ বিষয়ে বিজিবির ৬০ ব্যাটলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ জিয়াউর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোন কারণে তারা ভারত অংশে গিয়েছিলেন তা এখনও স্পষ্ট নয়, তবে এ বিষয়ে আমরা বিস্তারিত জানার পর জানাতে পারবো।