নওগাঁ সদরে আব্দুল বাকী পাভেল নামে এক ব্যাক্তির ক্যাটেল ফার্মে অভিযান পরিচালনা করে ৩টি তাজা ককটেল, ১টি হাঁসুয়া ও ১টি চাপাতি উদ্ধার করেছেন সেনাবাহিনী। ২২ মে (বৃহস্পতিবার) সন্ধা ৭টার দিকে সদর উপজেলার হাপানিয়া ইউনিয়নের দাফাইল গ্রামে অভিযান চালায় সেনাবাহিনী। এসময় সন্ত্রাসী আব্দুল বাকী পাভেল সেনাবাহিনীর উপস্থিতির টের পেয়ে পালিয়ে যায়। এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে স্বস্তি প্রকাশ করে এমন অভিযান অব্যাহত রাখতে অনুরোধ জানান। যে কোনো ধরনের অপরাধমূলক কার্যক্রম এর তথ্য নিকটস্থ সেনাক্যাম্পে অথবা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানিয়ে সেনাবাহিনীর মেজর তাওহিদুল ইসলাম বলেন- সন্ত্রাসীদের বিরুদ্ধে সর্বোত্তম অভিযান অব্যাহত রাখা হবে। উদ্ধারকৃত ককটেল এবং দেশীয় অস্ত্র সদর থানায় হস্তান্ত করা হয়েছে। আর এ ব্যাপারে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম সিদ্দিকীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।