নওগাঁর নিয়ামতপুর উপজেলার পাঁড়ইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মুজিব গ্যান্দাকে পুলিশে দিয়েছেন ছাত্রদল নেতা-কর্মীরা। আজ (৩০ এপ্রিল) বুধবার দুপুরে উপজেলা পরিষদ ভবনের সামনে থেকে তাকে আটক করে ছাত্রদলের নেতাকর্মীরা। আটককৃত সৈয়দ মুজিব পাঁড়ইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও পাঁড়ইল গ্রামের মৃত আজাদ আলীর ছেলে। জানা গেছে, উপজেলা পরিষদে কাজ শেষে বাড়ি ফেরার উদ্দেশ্যে মোটরসাইকেলে উঠলে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক গাজী সালাউদ্দিন, যুগ্ম আহ্বায়ক বিদ্যুৎ, নিয়ামতপুর সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সুলতান মাহমুদ, যুগ্ম আহ্বায়ক সারোয়ার হোসেনসহ আরও ৫-৬ জন ছাত্রদল নেতা-কর্মী তাঁকে থামান। এরপর সেখান থেকে তাকে থানায় নিয়ে যান তাঁরা। এ সময় বিভিন্ন ধরনের স্লোগান দেন ছাত্রদলের নেতা-কর্মীরা। বিষয়টি নিশ্চিত করে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ইউপি চেয়ারম্যানকে গত বছরের ১১ নভেম্বরের একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।