কুমিল্লার দাউদকান্দিতে মাছের প্রজেক্টে মাছ ধরাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। আজ সোমবার (৭ এপ্রিল) দুপুরে দাউদকান্দি উপজেলা গৌরীপুর ইউনিয়নের উত্তর হরিপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। আহতরা হলেন- উত্তর হরিপুর গ্রামের লনি মিয়ার ছেলে মো. ইসমাইল হোসেন (৪০) ও তার ছোট ভাই ইব্রাহিম হোসেন (৩৫), ওলানপাড়া গ্রামের সেলিম সরকারের ছেলে মো. ইয়াসিন মিয়া (২৬) এবং লাকসাম উপজেলার আব্বাস উদ্দিনের ছেলে মোরশেদ মিয়া (৫০)। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় তিন জনকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আটককৃতরা হলেন- ইয়াসিন মিয়া, নাঈম হোসেন ও ফরহাদ হোসেন। 
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের ওলান পড়া ও উত্তর হরিপুর মৎস্যচাষ প্রজেক্টে মাছ ধরাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনার ঘটে। সূত্র জানায়, আজ সোমবার দুপুরে এ প্রজক্টের ৬ সদস্যের পারভেজ গ্রুপের লোকজন মাছ ধরতে গেলে ইসমাঈল তার লোকজন গিয়ে বাধা দেন। এ নিয়ে দুই গ্রুপের মধ্যে গুলাগুলি সংঘর্ষ শুরু হয়। এতে উভয়পক্ষের মধ্যে চার জন গুলিবিদ্ধ হন। আহতদের প্রথমে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও গৌরীপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে দাউদকান্দি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েদ চৌধুরী বলেন, ওলানপড়া ও উত্তর হরিপুর মৎস্যচাষ প্রজেক্টে মাছ ধরাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটছে। আমি নিজে পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে তিন জনকে আটক করেছি। আটককৃত ইয়াসিন পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় গুলাগুলির সঙ্গে কারা জড়িত তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।