ফেনীতে দাখিল পরীক্ষায় পরীক্ষার্থীকে হাতে লিখে প্রশ্নোত্তর সরবরাহের দায়ে ইউনুস নামের এক শিক্ষককে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ফেনী আলিয়া কামিল মাদরাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা নাসরিন কান্তা এ দণ্ডাদেশ দেন। সাজাপ্রাপ্ত মো. ইউনুস ফেনী সদর উপজেলার মটুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। নাম প্রকাশ না করার শর্তে একজন জানান যে, ফেনী আলিয়া কামিল মাদরাসা কেন্দ্রে দাখিলের কুরআন মাজিদ ও তাজবিদের পরীক্ষা চলছিল। বেলা সাড়ে ১১টার দিকে কেন্দ্র পরিদর্শনে যান ইউএনও। এ সময় শ্রেণিকক্ষে এক শিক্ষার্থীকে হাতে লিখে প্রশ্নের উত্তর সরবরাহ করছিলেন মো. ইউনুস। পরে ওই শিক্ষার্থীর উত্তরপত্র যাচাইয়েও নকল সরবরাহের সত্যতা পাওয়া যায়। এতে ওই শিক্ষককে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। এ বিষয়ে ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা নাসরিন কান্তা বলেন, ওই শিক্ষক শ্রেণিকক্ষে এক শিক্ষার্থীকে হাতে লিখে প্রশ্নের উত্তর সরবরাহ করছিলেন। এতে অভিযুক্ত শিক্ষক দোষ স্বীকার করেছেন। ফলে তাকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।