কুমিল্লার হোমনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে মো. স্বপন (২৯) নামে এক যুবককে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
সোমবার (৪ মে) উপজেলার চান্দেরচর ইউনিয়নের তাতুয়াকান্দি গ্রামে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। তিনি একই গ্রামের জালাল মিয়ার ছেলে।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত স্বপন নেশাগ্রস্ত অবস্থায় এলাকায় মানুষের সঙ্গে বিরক্তিকর আচরণ করে আসছিলেন। এছাড়া তিনি ঘরের বিভিন্ন জিনিসপত্র বিক্রি করে সেই অর্থ দিয়ে মাদক সেবন করতেন। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পরিবারের সদস্যরা তাকে আটকে রেখে প্রশাসনকে খবর দেন।
পরে ঘটনাস্থলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে আটক করা হয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দোষী সাব্যস্ত করে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
মোবাইল কোর্টের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহমেদ মোফাচ্ছের ঘটনাস্থলেই এ রায় প্রদান করেন।