কুমিল্লার হোমনায় পুলিশের অস্থায়ী চেকপোস্টে অভিযান চালিয়ে ৬০ কেজি গাঁজাসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে থানা পুলিশ। এ সময় গাড়ির চালক কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১২ মে) সকাল আনুমানিক ১০টার দিকে হোমনা থানার এসআই (নিঃ) মোসলেহ উদ্দিন ও এএসআই (নি:) আমিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল হোমনা থানাধীন সাদ্দাম বাজার এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে নিয়মিত তল্লাশি কার্যক্রম চালাচ্ছিল।
এ সময় ছিনাইয়ার দিক থেকে আসা একটি প্রাইভেটকারকে থামার সংকেত দেওয়া হলে চালক তা অমান্য করে দ্রুতগতিতে মেঘনা থানা এলাকার দিকে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া করে মেঘনা থানাধীন মানিকারচর এলাকায় গিয়ে গাড়িটি আটক করতে সক্ষম হয়।
তল্লাশিতে প্রাইভেটকারটির পিছনের কেবিন থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে গাড়ির চালক কৌশলে গাড়ি ফেলে পালিয়ে যায়।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি পলাতক চালককে শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।