কুমিল্লার ব্রাহ্মণপাড়া সদর ও শশীদল ইউনিয়নের বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
আজ রবিবার (৫ এপ্রিল) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে সড়কে গাছের গুড়ি ফেলে জনসাধারণের স্বাভাবিক চলাচলে বিঘ্ন সৃষ্টি এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ানোর দায়ে দুইজনকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি, ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার শর্তে তাদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে এবং সড়ক থেকে গাছের গুড়িগুলো সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
অভিযানকালে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ব্রাহ্মণপাড়ার বিভিন্ন পয়েন্টে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় ট্রাফিক নিয়ম লঙ্ঘনের দায়ে দুইজন মোটরসাইকেল আরোহীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়াও, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে শশীদল ইউনিয়নের বিভিন্ন স্থানে তল্লাশিসহ বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে সড়ক নিরাপত্তা, শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।