কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের বড় ধর্মপুর এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে মোবাইল কোর্টে এক ব্যক্তিকে ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে অপরাধে ব্যবহৃত একটি এস্কেভেটর জব্দ করা হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পাহাড় কাটার বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট মো. শফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া সদর দক্ষিণ মডেল থানার একটি টিম এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অভিযানে সহযোগিতা করেন।
অভিযান পরিচালনা করেন সদর দক্ষিণ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার।
অভিযানকালে পরিবেশ অধিদপ্তরের পূর্বানুমতি ছাড়া পাহাড়ের মাটি কাটার অপরাধে চাঁদপুর জেলার কচুয়া থানাধীন বড়ইয়া কৃষ্ণপুর (খানবাড়ি)
এলাকার সাইজুদ্দীন মুন্সীর ছেলে মো. তাজুল ইসলাম (৪০) কে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ৬(খ) অনুযায়ী ৮,০০,০০০/- (আট লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে অপরাধে ব্যবহৃত একটি এস্কেভেটর জব্দ করে উপজেলা পরিষদ চত্বরে সংরক্ষণে রাখা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার বলেন, পরিবেশ অধিদপ্তরের অনুমতি ব্যতীত সরকারি কিংবা বেসরকারি কোনো পাহাড় বা টিলা কর্তন সম্পূর্ণভাবে নিষিদ্ধ। পাহাড় কাটার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়, ভূমিধসের ঝুঁকি বাড়ে এবং জনজীবন ও জীববৈচিত্র্য মারাত্মকভাবে হুমকির মুখে পড়ে।
তিনি আরও জানান, অপরিহার্য জাতীয় স্বার্থ ব্যতীত নির্ধারিত আইনগত প্রক্রিয়া অনুসরণ ছাড়া পাহাড় কাটার কোনো সুযোগ নেই। অবৈধভাবে পাহাড় কাটা হলে ভবিষ্যতেও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে অভিযানের সময় স্থানীয় এলাকাবাসী প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে অবৈধভাবে পাহাড় কেটে পরিবেশ ধ্বংস করা হচ্ছিল। নিয়মিত অভিযান অব্যাহত থাকলে পাহাড় ও প্রাকৃতিক পরিবেশ রক্ষা সম্ভব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
উপজেলা প্রশাসন সদর দক্ষিণ জানিয়েছে, পাহাড়, টিলা ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে এবং এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।