চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে ১০ ফুট উচ্চতার একটি গাঁজা গাছ এবং ১ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের সময় মূল অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) দুপুর ১টার দিকে শিবগঞ্জ থানাধীন শাহাবাজপুর ইউনিয়নের ধোবড়া গ্রাম এলাকায় ডিএনসি চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ১০ ফুট উচ্চতার একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়, যার কাঁচা ডালপাতাসহ ওজন প্রায় ৫ কেজি। এছাড়া একটি বাজার ব্যাগের ভেতর থেকে হালকা নীল রঙের দুটি পলিথিনে মোড়ানো মোট ১ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এর মধ্যে একটি প্যাকেটে ১ কেজি এবং অপর প্যাকেটে ৪০০ গ্রাম গাঁজা ছিল।
বিষয়টি নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তি শিবগঞ্জ থানাধীন শাহাবাজপুর ইউনিয়নের ধোবড়া এলাকার বাসিন্দা, মৃত ফারাজ আলী ও মৃত জুবাইদা বেগম দম্পত্তির ছেলে মোঃ আজম আলী ওরফে আজিম (৫৫)। তিনি বর্তমানে পলাতক রয়েছেন।
ডিএনসির উপপরিদর্শক মোঃ মুস্তাফিজুর রহমান বাদী হয়ে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।