ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরে উত্তেজিত একদল হামলাকারী দেশের শীর্ষ দুই গণমাধ্যম—দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। এতে উভয় প্রতিষ্ঠানের ব্যাপক অবকাঠামোগত ক্ষতি হয়েছে।
শুক্রবার সকালে সরেজমিনে দেখা যায়, ঢাকার কারওয়ান বাজারে অবস্থিত প্রথম আলোর চারতলা ভবনটি সম্পূর্ণ পুড়ে গেছে। ভবনের বিভিন্ন অংশ থেকে তখনও ধোঁয়া উঠতে দেখা যায়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ ও পরবর্তী কার্যক্রমে নিয়োজিত ছিল।
অন্যদিকে, হামলাকারীদের দেওয়া আগুনে দ্য ডেইলি স্টারের ভবনের নিচতলা ও দোতলা পুড়ে গেছে। অফিসের ভেতরে ব্যাপক ভাঙচুরের চিহ্ন রয়েছে এবং আসবাবসহ বিভিন্ন জিনিসপত্র এলোমেলোভাবে পড়ে থাকতে দেখা গেছে। শুক্রবার সকাল থেকে ডেইলি স্টার কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান করতে দেখা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে কারওয়ান বাজার এলাকায় অবস্থিত এই দুটি গণমাধ্যমের অফিসে একযোগে হামলা চালানো হয়। সে সময় ভবনের ভেতরে অবস্থানরত একাধিক সংবাদকর্মী আটকা পড়েন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ক্রেনের সাহায্যে তাদের উদ্ধার করেন এবং আগুন নিয়ন্ত্রণে আনেন।
হামলার সময় সংবাদমাধ্যমের অফিসের ভেতরে লুটতরাজ চালানোর অভিযোগও উঠেছে। এ ঘটনায় ঘটনাস্থলে উপস্থিত হলে সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীরকে হেনস্তার শিকার হতে হয় বলে জানা গেছে।
এর আগে, ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাতভর দেশের বিভিন্ন স্থানে ভবন ভাঙচুর ও অগ্নিসংযোগের একাধিক ঘটনা ঘটে বলে বিভিন্ন সূত্রে জানিয়েছেন।