নওগাঁর মহাদেবপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হালিমা খাতুন (৪০) নামে এক আয়ার লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, হালিমা খাতুন রাণীনগর উপজেলার বালুঘড়া গ্রামের মৃত রফিকুল ইসলামের মেয়ে। তিনি ২০১৬ সালে মহাদেবপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আয়া পদে যোগদান করেন। হালিমা আট বছর ধরে উপজেলা সদরের কুশার সেন্টারপাড়ার আনিছর রহমানের ভাড়া বাসায় বসবাস করতেন। বাড়িওয়ালা আনিছুর রহমান জানান, রোববার (২০ জুলাই) বিকেল ৫ টার পরেও তার ভাড়াটিয়া হালিমা বেগম অফিস থেকে বাসায় না ফিরলে তিনি খোঁজ নিতে সন্ধ্যা ৬ টায় উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে যান। সেখানে একজন কর্মকর্তা জানান, হালিমা আজ অফিসেও আসেননি, কিংবা ছুটিও নেননি। এসময় তার মোবাইলফোনও বন্ধ পাওয়া যায়। এরপর আনিছুর হালিমার ঘরের সামনে গিয়ে দেখতে পান দুইটি দরজাই ভিতর থেকে লাগানো। এ সময় তিনি বিষয়টি থানা পুলিশকে জানালে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে হালিমার ঘরের দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে ঘরের মেঝেতে হালিমার মরদেহ পড়ে থাকতে দেখেন। থানার এসআই আসাদুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।