কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। সোমবার (২৭ এপ্রিল) শ্রীপুর এলাকায় মেসার্স মিজি ব্রিকসে এ অভিযান পরিচালিত হয়।
“ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)” অনুযায়ী পরিচালিত অভিযানে নিষিদ্ধ এলাকায় অবৈধভাবে ইটভাটা চালানোর অপরাধে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। ভাটাটিকে তাৎক্ষণিকভাবে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়, যা ঘটনাস্থলেই আদায় করা হয় বলে জানা যায়।
পরবর্তীতে পরিবেশগত বিধি লঙ্ঘনের কারণে ভাটার চিমনি ও কিলন ভেঙে ফেলা হয় এবং পানি দিয়ে আগুন নিভিয়ে কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ ঘোষণা করা হয়।
অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন জেলা প্রশাসকের কার্যালয়, কুমিল্লার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট মো. রায়হান মোর্শেদ।
এছাড়া উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক জোবায়ের হোসেন ও উচ্চমান সহকারী তাজুল ইসলাম। অভিযানকালে মনোহরগঞ্জ থানা পুলিশ, আনসার সদস্য এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা সহযোগিতা করে।
পরিবেশ অধিদপ্তর জানায়, পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।