আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ৮২ ঘণ্টার জন্য নিজ নির্বাচনী এলাকার বাইরে অবস্থানে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনকে প্রভাবমুক্ত, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইসির সিদ্ধান্ত অনুযায়ী, ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে থেকে ভোটগ্রহণ শেষ হওয়ার ২৪ ঘণ্টা পর পর্যন্ত অর্থাৎ ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা থেকে ১৩ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় বহিরাগত কোনো ব্যক্তি অবস্থান করতে পারবেন না।
আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম এ সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়নের জন্য দেশের সব জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠিয়েছেন।
নির্দেশনায় আরও বলা হয়েছে, এই নিষেধাজ্ঞা থেকে নির্বাচনী কাজে সম্পৃক্ত ব্যক্তি, নির্বাচন কমিশনের অনুমতিপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী, সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা ও ভোটাররা অব্যাহতি পাবেন।
ইসি সূত্র জানায়, ভোটকেন্দ্র দখল, বিশৃঙ্খলা, বহিরাগত হস্তক্ষেপ ও প্রভাব বিস্তারের আশঙ্কা ঠেকাতে এ ধরনের কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা কার্যকালে আইনশৃঙ্খলা বাহিনী, যৌথ বাহিনী ও প্রশাসনকে সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে এবং যেকোনো অনিয়মে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশন আশা করছে, এই সিদ্ধান্তের ফলে ভোটাররা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন এবং নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য।