নরসিংদীর বেলাব থানা এলাকায় কিশোর অপরাধ, মাদক ও জুয়াসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে নতুন করে কঠোর পদক্ষেপ নিয়েছে পুলিশ। এর অংশ হিসেবে আজ থেকে বেলাব থানা এলাকার সকল স্কুলপড়ুয়া শিক্ষার্থীর জন্য সন্ধ্যার পর অপ্রয়োজনে বাইরে অবস্থান নিষিদ্ধ করা হয়েছে। পুলিশের এই নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বেলাব প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এই সিদ্ধান্তের কথা জানান বেলাব থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমানউল্লাহ। সভায় বেলাব প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন নীলু, সাধারণ সম্পাদক আমিনুল হকসহ স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় ওসি বলেন, সাম্প্রতিক সময়ে সন্ধ্যা ও রাতের বেলায় স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের অপ্রয়োজনীয় ঘোরাফেরা বেড়ে গেছে। এতে করে তারা মাদক, জুয়া ও কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িয়ে পড়ার ঝুঁকিতে পড়ছে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষা নিশ্চিত করা এবং সমাজে অপরাধপ্রবণতা কমাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি জানান, সন্ধ্যার পর কোনো স্কুলপড়ুয়া শিক্ষার্থীকে অপ্রয়োজনে বাইরে পাওয়া গেলে প্রথম ধাপে তার পরিচয় নিশ্চিত করা হবে। এরপর সংশ্লিষ্ট অভিভাবকদের ডেকে এনে সতর্ক করা হবে এবং বিষয়টি বিদ্যালয় কর্তৃপক্ষকেও জানানো হবে। তবে একই ঘটনা পুনরায় ঘটলে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি সতর্ক করেন।
ওসি আরও বলেন, কিশোর অপরাধ ও মাদকাসক্তি প্রতিরোধে পুলিশের পাশাপাশি অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানের সমান ভূমিকা রয়েছে। সন্তানরা কোথায় যাচ্ছে এবং কার সঙ্গে সময় কাটাচ্ছে—এ বিষয়ে অভিভাবকদের সচেতন থাকতে হবে। পরিবার, বিদ্যালয় ও পুলিশ সম্মিলিতভাবে কাজ করলে কিশোর অপরাধ নিয়ন্ত্রণে আনা সম্ভব।
মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা পুলিশের এই উদ্যোগকে সময়োপযোগী আখ্যা দেন। তারা বলেন, শিক্ষার্থীদের নৈতিক অবক্ষয় ও অপরাধে জড়িয়ে পড়া রোধে এমন সিদ্ধান্ত জরুরি। পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক ও সামাজিক কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ানোর মাধ্যমে তাদের ইতিবাচক পথে ফেরানো প্রয়োজন বলে মত দেন তারা।
বেলাব থানা পুলিশ সূত্র জানায়, নতুন নির্দেশনা বাস্তবায়নে ইতোমধ্যে রাতকালীন টহল জোরদার করা হয়েছে। সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা শিক্ষার্থীকে পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে অভিভাবক ও সংশ্লিষ্ট বিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করা হবে। একই সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহলের সহযোগিতায় নজরদারি আরও জোরদার করা হবে।
পুলিশ আশা করছে, এই উদ্যোগের মাধ্যমে বেলাব থানা এলাকায় কিশোর অপরাধ, মাদক ও সামাজিক অপরাধের হার কমে আসবে এবং শিক্ষার্থীরা সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে বেড়ে উঠবে।