কুমিল্লার বুড়িচং উপজেলায় এক স্কুলছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত, কু-প্রস্তাব ও শ্লীলতাহানির অভিযোগে শরীফুল ইসলাম (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। ভুক্তভোগীর পরিবারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে রোববার রাতেই তাকে আটক করা হয়। সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এজাহার সূত্রে জানা যায়, উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের বাসিন্দা গোলাম মোস্তফা (৬০) বাদী হয়ে বুড়িচং থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, তার নাতনি স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ১০ম শ্রেণির শিক্ষার্থী।
অন্যদিকে একই এলাকার বাসিন্দা ও বাচ্চু মিয়ার ছেলে শরীফুল ইসলাম বেশ কিছুদিন ধরে স্কুলে যাওয়া-আসার পথে ওই শিক্ষার্থীকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল। রাস্তা-ঘাটে অশ্লীল অঙ্গভঙ্গি, কু-প্রস্তাব এবং আপত্তিকর কথাবার্তার মাধ্যমে তাকে হয়রানি করা হতো বলে অভিযোগ করা হয়েছে। বিষয়টি জানার পর ভুক্তভোগীর মা ও নানা একাধিকবার অভিযুক্তকে সতর্ক করলেও কিছুদিন নীরব থাকার পর সে পুনরায় একই আচরণ শুরু করে।
অভিযোগ অনুযায়ী, রোববার (৫ এপ্রিল) দুপুর আনুমানিক ২টার দিকে স্কুল ছুটি শেষে বাড়ি ফেরার পথে গোবিন্দপুর দক্ষিণপাড়া এলাকার একটি গলিপথে পৌঁছালে অভিযুক্ত শরীফুল ইসলাম পূর্ব থেকে ওঁত পেতে ছিল। এ সময় সে কিশোরীর পথরোধ করে অশ্লীল অঙ্গভঙ্গি ও কু-প্রস্তাব দিতে থাকে।
একপর্যায়ে অভিযুক্ত কিশোরীকে মারধর করে এবং জোরপূর্বক শ্লীলতাহানির চেষ্টা করে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এ সময় ভুক্তভোগী চিৎকার শুরু করলে অভিযুক্ত বিষয়টি কাউকে না বলার জন্য ভয়ভীতি ও হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে কিশোরী বাড়িতে ফিরে তার মাকে পুরো ঘটনা জানায়। পরবর্তীতে পরিবারের সদস্যরা বুড়িচং থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ রাতেই অভিযুক্তকে আটক করে।
এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান ডেইলি টাইমস নিউজ-কে বলেন, ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে রাতেই আটক করা হয়েছে। সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।