পাবলিক প্লেসে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নিতে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছেন রাষ্ট্রপতি। এ অধ্যাদেশে প্রকাশ্যে ধূমপানের জরিমানা আগের ৩০০ টাকা থেকে বাড়িয়ে সর্বোচ্চ দুই হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে অধ্যাদেশটি জারি করা হয়। ২০০৫ সালের ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন সংশোধন করে এ নতুন বিধান আনা হয়েছে।
অধ্যাদেশে পাবলিক প্লেসের সংজ্ঞা ব্যাপকভাবে সম্প্রসারণ করা হয়েছে। এর আওতায় এখন শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিস, হাসপাতাল, রেস্টুরেন্ট, হোটেল, শপিং মল, পরিবহন টার্মিনাল, পার্ক, মেলা, ভবনের প্রবেশপথ, বারান্দা ও আশপাশের উন্মুক্ত স্থান অন্তর্ভুক্ত থাকবে। এসব স্থানে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
এছাড়া আগের আইনে পাবলিক প্লেসে নির্দিষ্ট ধূমপান এলাকা রাখার যে বিধান ছিল, তা নতুন অধ্যাদেশে বাতিল করা হয়েছে।
নতুন অধ্যাদেশে তামাকজাত দ্রব্যের প্যাকেজিংয়ে স্ট্যান্ডার্ড প্যাকেজিং বাধ্যতামূলক করা হয়েছে। প্যাকেটের উভয় পাশে কমপক্ষে ৭৫ শতাংশ জায়গা জুড়ে রঙিন ছবি ও লেখাসহ স্বাস্থ্য সতর্কবার্তা মুদ্রণ করতে হবে, যা আগে ছিল ৫০ শতাংশ। একই সঙ্গে প্যাকেটে উৎপাদনের তারিখ ও কুইটলাইন হেল্প নম্বর উল্লেখ করার বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে।
প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়া, সামাজিক যোগাযোগমাধ্যম, ওটিটি প্ল্যাটফর্ম, সিনেমা, নাটক ও প্রামাণ্যচিত্রে তামাক ও ই-সিগারেট ব্যবহারের দৃশ্য প্রচার নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি ইন্টারনেটসহ যেকোনো মাধ্যমে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন, প্রচার ও প্রসার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।
পয়েন্ট অব সেলসে তামাকজাত দ্রব্যের প্যাকেট বা মোড়ক প্রদর্শন নিষিদ্ধ থাকবে। বিক্রির সময় ছাড়া এসব পণ্য ক্রেতার দৃষ্টির আড়ালে রাখতে হবে। করপোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) নামে তামাক কোম্পানির নাম, লোগো বা সহায়তা প্রদর্শনও নিষিদ্ধ করা হয়েছে।
এসব বিধান লঙ্ঘনের ক্ষেত্রে জরিমানা আগের এক লাখ টাকা থেকে বাড়িয়ে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা করা হয়েছে।
আইন ভঙ্গের অভিযোগ ও মামলা পরিচালনায় ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে। প্রয়োজনে অবৈধ বিজ্ঞাপন অপসারণে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়ার ক্ষমতাও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে।